মৈশাদী পরিষদ গেট থেকে মোল্লা বাজার পর্যন্ত রাস্তার বেহালদশা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ গেট থেকে মোল্লার বাজার যাওয়ার প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কার হয় না দীর্ঘদিন। রাস্তা সংস্কারের জন্য বহুবার এলজিইডি কর্মকতাদের বলেছেন গ্রামবাসীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কয়েক বছর হল মৈশাদী পরিষদ গেট, শাহতলী সিএনজি স্টেশন থেকে শাহতলী বাজার, রেল স্টেশন, মোল্লার বাজার ছোট সুন্দর পর্যন্ত সড়কের কাজ হয়েছিল, কিন্তু তা এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে বিশাল রাস্তার পুরোটাই জনসাধারণের যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ভোগান্তি পথচারীদের কমতি নেই। এ রাস্তার অবস্থা এখন এতটাই খারাপ যে মানুষ ওই রাস্তা দিয়ে চলতে ভয় পান। রাস্তার ধার ভাঙা, পিচ উঠে গেছে, পাথর বেরিয়ে গর্ত হয়ে গিয়েছে। রাস্তার এই অবস্থার জন্য সন্ধ্যার পর থেকে যান চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে।
সড়কের নিয়মিত পথচারীরা বলেন, দুর্ঘটনা এড়াতে এলাকারবাসীর পক্ষ থোকে রাস্তার গর্ত বন্ধ করেছেন কয়েকবার। কিন্তু অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে রাস্তার অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। জেলার নেতৃবৃন্দকে জানিয়েছি। তবে কাজ ফের কবে শুরু হবে তা জানা নেই। এই পথ দিয়ে সহজে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ সংস্কার করা হবে এ গুরুত্বপূর্ণ সড়কটির। বার-বার বলার পরও কারোই কোন কর্ণপাত হয়নি।
উল্লেখ্য, গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য সরকারের মেঘা প্রকল্প রয়েছে। সরকার গ্রামীণ রাস্তা মেরামতের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু ভালভাবে নজর দিলে সড়কটি দ্রুত মেরামত হবে বলে স্থানীয়রা আশাব্যক্ত করেছে। পূর্বাঞ্চলের মানুষের এখন প্রধান সমস্যাই হচ্ছে এ সড়কটি। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষ হাটতে মারাত্মক প্রতিবন্ধকতার কবলে পড়তে হচ্ছে। নিরুপায় হয়ে মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করছে।

২২ এপ্রিল, ২০২১।