মোহাম্মদ আলী মাঝিকে যুবলীগ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী মাঝিকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ২৮ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি স্বাক্ষরিত এক পত্রে মোহাম্মদ আলী মাঝিকে অব্যাহতি প্রদান করা হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মো. আলী মাঝি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা বিনষ্ট করেছে। গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে আপনাকে (মো. আলী মাঝি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

০১ জুলাই, ২০২৪।