সাগর চৌধুরী
যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশী নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে রোববার (৭ মে) দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এসময় এসব বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।
সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৭০ জন বাংলাদেশী জেদ্দা পৌঁছান। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশী যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিবে বলে জানা গেছে। সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশী এসব নাগরিকদের আজ রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এসব বাংলাদেশীদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
সুদানে প্রায় এক হাজার পাঁচশ’ বাংলাদেশী নাগরিক বসবাস করেন। এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করেছে।
০৮ মে, ২০২৩।
