আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানী ৯৬ বছর বয়সে মারা গেলেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানীর মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানী বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে। বালমোরাল প্রাসাদে রানীর চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন।
রানীর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে বিদেশ ছড়িয়ে থাকা তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন, বাকিরা রয়েছেন যাত্রাপথে।
রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন তিনি।
রানীকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।
এদিকে বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানী। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
০৯ সেপ্টেম্বর, ২০২২।
