লক্ষ্মীপুরে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আল আমিন ছৈয়াল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সাংগঠনিক কার্যক্রম এবং সংগঠনকে আরো গতিশীল করতে হবে। আমাদের মধ্যে যা কিছু মনোমালিন্য ও চাওয়া-পাওয়া থাকুক না কেন আগামি নির্বাচন বাংলাদেশের জন্য যেমন বিশেষ গুরুত্বপূর্ণ তেমনি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর জন্য আগামী নির্বাচন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সবচাইতে চ্যালেঞ্জিং নির্বাচন হতে যাচ্ছে।
শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আপনাদের মধ্যে যেসব দ্বিধা-দ্বন্দ্ব, মনোমালিন্য নিজেদের মধ্যে যাই থাকুক না কেন সবকিছু দূরে সরিয়ে আমাদের একসাথে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে। চাঁদপুর-৩ আসনের উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে। মানুষের ভোট যেন আমরা পাই। কোথাও যেন কোন অসুবিধা না হয়। আমরা মানুষের মন জয় করে ভোট পেতে চাই। আমরা কোনপ্রকার কড়াকড়ি, জোর-জবরদস্তি করে ভোট পাওয়ার চেষ্টা করি না। আমরা আগেও করিনি, ভবিষ্যতেও করবো না।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি ও যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাদিরের যৌথ সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ উল্যাহ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, সাবেক প্রচার সম্পাদক আ. সামাদ টুনু, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস গাজী, সায়েদ আলী আখন, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান খান টেলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মাজী, সাধারণ সম্পাদক শফিক খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সিমা বেগম, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিটু এবং প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৯ জুলাই, ২০২৩।