স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মাঝে দুই কিস্তির একত্রে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৭টায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. খায়রুল বাশার ও ইউনিয়ন পরিষদের সব সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা।
জেলেরা সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের দুই মাসের ৮০ কেজি চাল গ্রহণ করেন। ৫০ এবং ৩০ কেজি ওজনের ইনটেক বস্তা বিতরণের ফলে কোনরকম প্রতিবন্ধকতা ছাড়াই জেলেরা দ্রুত সময়ের মধ্যে যার যার চাল বুঝে পেয়েছেন।
ট্যাগ অফিসার খায়রুল বাশার বলেন, ইউপি চেয়ারম্যানের নির্দেশে তালিকাভুক্ত প্রত্যেক জেলে পরিবারের মাঝে দুই কিস্তির ৮০ কেজি চালের ইনটেক বস্তা দেয়া হয়েছে। যার ফলে ছেলেদেরকে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা কোনরকম বিড়ম্বনা ছাড়াই দ্রুত চাল দিতে পেরেছি।
ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, আমার ইউনিয়নে সরকারি তালিকাভুক্ত ৪ হাজার ৬শ’ ৫৩ জেলে পরিবারকে ৪০ কেজি করে ২ মাসের ৮০ কেজি চাল একত্রে দেয়া হচ্ছে।
০৯ মার্চ, ২০২২।
