শতাধিক রিক্সাচালককে শীতের পোশাক দিয়েছে সমাজসেবী সংগঠন ‘সাইরেন’

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে শতাধিক রিক্সাচালকের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেনের উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে শীতের পোশাক। বুধবার (২৬ জানুয়ারি) শহরের বাসস্ট্যান্ডে এসব পোশাক তাদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন, করোনা মহামারী প্রতিরোধে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। সচেতনতার কোন বিকল্প নাই। তাছাড়া সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অব্যাহত প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সাইরেন সংগঠনকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ, সংগঠনের সহ-সম্পাদক জাহিদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম নিরব, দপ্তর সম্পাদক জুয়েল সরকার, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আক্কাছ আলী রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২৭ জানুয়ারি, ২০২২।