দেশ ও দশের জন্য শহীদ হয়েছেন নূর হোসেন
……..মাহফুজুর রহমান টুটুল
স্টাফ রিপোর্টার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ আছর জেলা আওয়ামী লীগ কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
তিনি তার বক্তব্যে বলেন, নূর হোসেন তেমন শিক্ষিতও ছিলেন না। সম্ভবত অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পেশায় ছিলেন মোটরশ্রমিক। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি। কিন্তু তিনি নিজের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে যোগদান করেন নূর হোসেন। তাঁর বুকে-পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ওই মিছিলে বাংলাদেশ সচিবালয়ের পাশে তিনি গুলিবিদ্ধ হন এবং মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অবশেষে পদ্মা-যযুনার অনেক জল সাগরে গড়ানোর পর দেশের মানুষ ও রাজনীতিবিদেরা সাব্যস্ত করেছেন, নূর হোসেন দেশ ও দশের জন্য শহীদ হয়েছেন। সেই থেকে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। আর জিরো পয়েন্ট, যেখানে নূর হোসেন নিহত হয়েছিলেন, সেই জায়গার নাম রাখা হয় নূর হোসেন চত্বর।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা পরিষদের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, সদর উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মিয়া, পৌর যুবলীগের নির্বাচন কমিটির আহ্বায়ক কামরুল হাসান টিটু ভূঁইয়া, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা মাও. আলমগীর হোসেন। এসময় সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ নভেম্বরের এই দিনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এ দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন শহীদ হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।
১১ নভেম্বর, ২০২০।
