এস এম সোহেল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকেই সরকারি ও দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছি। বিজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী বাহিনীর দোষরা। যখন দেখেছে এ দেশকে আর পরাধীন রাখা যাবে না ঠিক সময়ে জামায়েত ইসলামীর সহযোগিতায় বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। আমাদের এ বীর শহীদদের সব সময় স্মরণ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিলো। আজকের এই দিনে নিহত বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সব স্বাধীনতাকামী মানুষের রুহের মাগফেরাত কামনা করছি। এছাড়া ১৯৭৫ সনে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবাবসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এদেশের সাধারণ মানুষের উপর পাকিস্তানীদের বর্বরোচিত হামলা আর নির্যাতনের কথা ভেবে এখনো শিউরে উঠি। আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের মাঝে সংগ্রামের সেই অনুভূতি জাগ্রত করতে হবে।
তিনি আরো বলেন, লাখো শহীদের প্রাণের দামে অর্জিত এই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কথার চেয়ে কাজ বেশি করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবো। মহান স্বাধীনতা চেতনা ও শহীদদের ত্যাগ বুকে লালন করে কাজের মধ্যে তা প্রকাশ করতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সরদার, মঞ্জুর আহমেদ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু হাসানত সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে নিহত বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সব স্বাধীনতাকামী মানুষের রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সবশেষে অসুস্থ এক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
১৫ ডিসেম্বর, ২০২১।
