শাহমাহমুদপুরে আ.লীগ নেতা ভুট্টোকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৮ মে) রাতে ইউনিয়নের কুমারডুগী খান বাড়িতে যাওয়ার পথে।
জানা যায়, ঐদিন রাতে একদল দুর্বৃত্ত আজিজুর রহমান ভুট্টোর উপর হামলা করে। তারা ভুট্টোর গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। ভুট্টোর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার পথে সে মারা যায়।
গতকাল মঙ্গলবার বিকেলে ভুট্টোর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজিজুর রহমান খান ভুট্টো হত্যার ঘটনায় তার স্ত্রী নিলিমা আক্তার রিমা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একই এলাকার সিরাজ খানের ছেলে সোহাগ খান (৩০) কে প্রধান আসামি ও আরো ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডের পর থেকে সোহাগ খান পলাতক রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুর জামান জানান।
জানা গেছে, আজিজুর রহমান ভুট্টো ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কুমারডুগী এলাকার সার ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজ খানদের সাথে হত্যার শিকার আজিজ খানদের সম্পত্তিগত বিরোধের মামলা আদালতে চলমান রয়েছে। প্রতিপক্ষরা প্রায়ই তাকে হত্যার হুমকি দিতো বলে তার স্ত্রী জানিয়েছে।
তারা আরো জানায়, আজিজের চিৎকারে যারা বাঁচাতে এগিয়ে এসেছিল তারা সোহাগ খানকে ঘটনাস্থলে দেখতে পেয়েছে।
রাতেই হত্যার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হত্যার খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে আজিজুর রহমান ভুট্টো হত্যার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আমরা আশাবাদী দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করা হবে।

২০ মে, ২০২০।