শাহরাস্তিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা

সম্মিলিত সহযোগিতায় যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব
….. ওসি মোহাম্মদ শাহআলম

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাসিক ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহরাস্তি থানা কমপ্লেক্সের কমিউনিটি পুলিশিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক আবদুল আউয়ালের পরিচালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আবদুল লতিফ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম তার বক্তব্য বলেন, শাহরাস্তি উপজেলার আইন-শৃংঙ্খলায় জেলার অন্যান্য উপজেলা থেকে অনেক ভালো রয়েছে। চলমান আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনকে কেন্দ্র করে কোন বিশৃংঙ্খলা দেখলে আমাদের জানাবেন। আপনাদের সবার সম্মিলিত সহযোগিতায় যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব।
তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জঙ্গিবাদ যে কোন অপরাধ আপনাদের নজরে আসলে সাথে সাথে পুলিশকে জানান। আপনাদের সহযোগিতায় জনগণকে সার্বিক নিরাপওা ও সহায়তায় পুলিশ বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। সর্বোপরি জনগণের কল্যাণে যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তত রয়েছে। সেজন্য কমিউনিটি পুলিশিং সদস্যদের আরো দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং সদস্যরা সক্রিয় হলে যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব।
এ সময় আরো বক্তব্য রাখেন শাহরাস্তি কমিউনিটি পুলিশিং সিনিয়র সহ-সভাপতি ও শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি নুর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী, মহিলা কমিউনিটি পুলিশিং নেত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা ইমাম, কমিউনিটি পুলিশিং নেতা জাহাঙ্গীর আলম মাস্টার, নিজাম উদ্দিন মিজান প্রমুখ।
ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।