শাহরাস্তিতে নদীর পাড়ে ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডাকাতিয়া নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি আগামি প্রজন্মের জন্য উপহারস্বরূপ……মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ব্রিজ হতে চিকুটিয়া ব্রিজ পর্যন্ত ডাকাতিয়া নদীর উত্তর পাড়ে বহুল প্রতীক্ষিত ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় সূচীপাড়া ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ে নির্মিতব্য স্থানে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ডাকাতিয়া নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হবে আমাদের আগামি প্রজন্মের জন্য উপহারস্বরূপ। আপনারা যারা এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা সবাই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন। সারাদেশ থেকে এ ওয়াকওয়ে দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করবে। প্ল্যাান ডিজাইন দেখে মনে হয়েছে, ওয়াকওয়েতে এখুনি একটু হেটে আসি। ওয়াকওয়ে নির্মিত হলে এ এলাকার চিত্র পাল্টে যাবে, পর্যটন এলাকা গড়ে উঠবে। বেঁচে থাকলে সুযোগ পেলেই ওয়াকওয়েতে একট ঘুরে যাবো। ডাকাতিয়া নদীর আশপাশে যেন অনিয়মের মাধ্যমে কিছু তৈরী না হয়, সেদিকে নজর রাখতে হবে। ডাকাতিয়া নদীকে বাঁচাতে হবে, মানুষকেও বাঁচাতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের চেহারা দেখলে আমি উজ্জীবিত হই, সব ক্লান্তি-অলসতা দূর হয়ে যায়, নিজেকে নতুন রুপে ফিরে পাই। আমরা যা কিছু করছি, আমাদের আগামি প্রজন্মের জন্য তাদের তা বহন করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর কাউন্সিলর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

০৫ ডিসেম্বর, ২০২১।