শাহরাস্তিতে ব্লেড দিয়ে গৃহবধূর গলা কেটে দিলো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে ব্লেড দিয়ে কেটে গৃহবধূর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ওই গ্রামের বেপারী বাড়ির রাহাতের স্ত্রী শাহীনকে (২৫) অজ্ঞাত দুই দুর্বৃত্ত বসতঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে হাত বেঁধে ও মুখে স্কচটেপ দিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে শাহীন চিৎকার দিতে গেলে তারা ব্লেড ভেঙ্গে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং ব্লেড দিয়ে তার গলা কেটে দেয়। পরে শাহীনের শাশুড়ি ছকিনা বেগম ঘরে প্রবেশ করে পুত্রবধূর গলা কাটা দেখে চিৎকার দেন। ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে শাহীনকে হাসপাতালে নিয়ে যায়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঘটনাস্থলে যাই। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ওই গৃহবধূর মুখে স্কচটেপ লাগানোর কোন আলামত পাওয়া যায়নি।
কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ করলে জানা যায়, তার মুখে বা গলার ভিতরে ব্লেড ঢুকানোর আলামত পাওয়া যায়নি। এছাড়া ভিকটিমের গলার একপাশে আঘাত ছিল। আমরা ঘটনাস্থল থেকে আলামত দুই টুকরা ব্লেড উদ্ধার করেছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

২৯ এপ্রিল, ২০২০।