শিলন্দিয়ায় ফেন্সিডিলসহ পাগলা সোহেল আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের শিলন্দিয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মো. সোহেল খান অরফে পাগলা সোহেল (৩৬) কে আটক করেছে সদর মডেল পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টার সময় চাঁদপুর সদর মডেল থানার দক্ষিণ শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটক পাগলা সোহেল চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দক্ষিণ শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির মৃত মজিবুর রহমান খানের ছেলে। এর আগে চাঁদপুরে প্রাইভেটকারে করে পাগলা সোহেলের আসা ফেন্সিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনী তার সহযোগীকে আটক করে বলে স্থানীয়রা জানায়।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দক্ষিণ শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির সামনে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী পাগলা সোহেলকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, পাগলা সোহেল দীর্ঘদিন যাবত বাবুরহাটসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আসা মাদকসেবীদের কাছে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতো। কয়েকবার সে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জেল থেকে বের হয়ে প্রকাশ্যে আবার মাদক ব্যবসায় পরিচালনা করে থাকে। তার আটকের খবর শুনে এলাকায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

০২ মার্চ, ২০২২।