শিশুকে যৌন হয়রানির অভিযোগে ছিডু মোল্লা কারাগারে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার দোকান গাবতলী এলাকার খন্দকার মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকা পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে যৌন হয়রানি ও প্রতিবাদ করায় শিশুর বাবার উপর মারাত্মক হামলার ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিডু মোল্লাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন আশিকাটি এলাকা থেকে ছিডুকে আটক করেন।
ছিডু মোল্লা উত্তর আশিকাটির বাসিন্দা। সে পরিবারের লোকদের নিয়ে যৌন হয়রানির শিকার ওই শিশু পরিবারের পাশাপাশি বাসায় ভাড়া থাকেন।
এর আগে ওই শিশুর পরিবার ২১ এপ্রিল সিডুসহ তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগটি চাঁদপুর মডেল থানায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পুলিশ ৬ দিন পর অভিযুক্ত ছিডু মোল্লাকে আটক করতে সক্ষম হয়।
জানা যায়, ছিডু মোল্লা এবং ওই শিশুর পরিবার গাবতলী এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন। প্রতিবেশী হিসেবে উভয় পরিবারের মধ্যে চলাচল আছে। ছিডু মোল্লার কন্যা শিশু ও যৌন নির্যাতনের শিকার শিশুটি একই বয়সী। কিন্তু ছিডু লম্পট চরিত্রের হওয়ার কারণে একাধিকবার ওই শিশুটি ছিডুর মাধ্যমে কুপ্রস্তাব ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে তার মা অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ছিডু মোল্লা একজন লম্পট, উত্যাক্তকারী, উশৃঙ্খল, অত্যাচারী ও আইন অমান্যকারী ব্যাক্তি। বাদীর পঞ্চম শ্রেণি পড়ুয়া নাবালিকা কন্যাকে বিভিন্ন সময়ে খারাপ অঙ্গভঙ্গি দিয়ে উত্যাক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি ছিডু মোল্লার স্ত্রীকে জানালে সেও উত্তেজিত হয়ে উল্টো বাজে কথাবার্তা বলেন। বিষয়টি স্থানীয় লোকদেরকে জানানো হয়। কিন্তু ছিডু মোল্লা কোন তোয়াক্কা করেননি। বরং গত ১৯ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে আবারও ওই শিশুকে একই ধরনের যৌন হয়রানি করে। বিষয়টি শিশুর বাবা ওই এলাকার দোকানদার তরুণকে জানালে পিছন দিক থেকে ছিডুর স্ত্রী রহিমা এসে হামলা করে। পরবর্তীতে ছিডু মোল্লা, তার ভাই মতিন মোল্লাসহ সহযোগীরা শিশুর বাবাকে বেদম মারধর করেন আহত করে এবং তার সাথে থাকা নগদ ৫ হাজার ২৫ টাকা এবং মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগকারী শিশুর মা জানান, এ ঘটনার পরেও ছিডু মোল্লা গংরা নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছেন। তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমার শিশু কন্যা ও তার বাবাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল মাস্টারকে জানাই। তিনি আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছিডু মোল্লা আটক হওয়ার পর থেকে তার সহযোগীরা শিশুটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এলাকাবাসী লম্পট ছিডু মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

২৯ এপ্রিল, ২০২১।