শীতে যুবুথুবু চাঁদপুরের মানুষ

এস এম সোহেল

প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। চাঁদপুরে হঠাৎ ঠান্ডা হাওয়ায় ও শীতে দুর্ভোগে পড়েছে মানুষ। এদিকে গত শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শনিবার শৈত্যপ্রবাহের বিস্তার ও তীব্রতা বেড়েছে। আগামি ৪ থেকে ৫ দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তারপর কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে ডিসেম্বরে দেশ পুরোপুরি শৈত্যপ্রবাহমুক্ত হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই ২৪ ঘণ্টার পরের দুদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনের প্রথমার্ধে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে কনকনে ঠান্ডায় দৈনন্দিন কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে সবাইকে। ভোরের আকাশে যেন শীতের দেখা মিলছে। শীত অনেকের প্রিয় ঋতু হলেও এই সময়ই শরীরের ত্বকের বেশি ক্ষতি করে। হেমন্তের দিনগুলো শেষ হতে না হতেই শীতের এসে যেন জবরদখল করে নিচ্ছে আশ-পাশের প্রকৃতি। সুতরাং শীত পুরোপুরি না আসতেই ঠান্ডার দিনগুলোকে কীভাবে মোকাবিলা করবেন সে ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছেন চাঁদপুরের লোকজন। এতদিন যারা হালকা বা পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তারা এখন শীতের ভারী কাপড় পড়তে শুরু করেছেন।

শীতকে সামনে রেখে অনেকেই যারা পুরনো শীত বস্ত্র তুলে রেখেছেন সেগুলো বের করছেন। কেউ কেউ আবার নতুন করে লেপ-তোষক তৈরি করছেন। লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাই মনে করিয়ে দিচ্ছে শীতকাল বেশি দূরে নয়। শীতের এ মাসগুলো যেন প্রত্যন্ত অঞ্চলের নিম্ন-আয়ের মানুষের কাছে কবির সেই কবিতার লাইনটির মত ‘কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ’ অভিশাপ হয়েই দেখা দেয়। অপরদিকে শীতের আগমনে বিওবানরা ছুটছেন শহরের নামী-দামী বিপণী বিতান ও কাপড়ের মার্কেটগুলোতে।

এ বিষয়ে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ২৪, ২৫ বা ২৬ ডিসেম্বরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অতটা বাড়বে না। কয়েক দিনে যেমন ধাপে ধাপে কমেছে, ওইরকম এক-দুই ডিগ্রি করে হয়তো বাড়বে।

২০ ডিসেম্বর, ২০২০।