সন্ধ্যার পর শহরের পাড়া-মহল্লায় কোনো শিক্ষার্থী পেলেই ব্যবস্থা

 

চাঁদপুর শহরে পুলিশের সাঁড়াশি অভিযানে ওসি নাসিম

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশের উদ্যোগে কিশোর গ্যাং অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ৩য় দিনের মতো চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে মডেল থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করে।
শহরের শপথ চত্বর থেকে অভিযান শুরু হয়ে কোড়ালিয়া রোড, সব্দার খাঁ বাড়ি রোড, মমিন পাড়া, মোল্লা বাড়ি বালুর মাঠ, প্রফেসর পাড়া, নাজির পাড়া, রামকৃষ্ণ আশ্রম এলাকায় চালানো হয়।
অভিযানকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন পাড়া-মহল্লার বিভিন্ন দোকানির সতর্ক করে বলেন, সন্ধ্যার পরে কোনো দোকানের সামনে যেনো কোন ধরনের শিক্ষার্থীরা যেনো কোন ধরনের আড্ডা না দেয়। সেই বিষয়ে দোকানদারদের সতর্ক করে দেয়া হয়। এছাড়া তিনি মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষন দেখামাত্র চাঁদপুর মডেল থানায় জানানোর নির্দেশনা দেন।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, চাঁদপুর সদর মডেল থানায় আমার কর্মকালীন সময়ে এ শহরে কিশোর-কিশোরীদের দ্বারা গঠিত গ্যাং কালচারের কোনো বাহিনী সংঘটিত হতে দেয়া যাবে না। একইভাবে মাদকের সাথেও আমাদের কোনো আপোস নেই। তিনি উল্লেখিত বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্তানের বিষয়ে সতর্ক নজর রাখার নির্দেশনা দেন। সব বিষয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহম্মেদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যবৃন্দ।
১০ নভেম্বর, ২০২০।