স্টাফ রিপোর্টার
সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় ও বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছাত্তার মাল ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। গত ৮ জুন সকাল ৭টা ৪০ মিনিটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, জামাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে যান।
ছাত্তার মালের মৃত্যুসংবাদে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা শোকাহত হয়ে পরেন এবং তারা গভীর শোক প্রকাশ করেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম কাউছার মাল বাবুরহাট বাজার ব্যবস্থপনা কমিটির নির্বাচিত সদস্য।
মরহুম ছাত্তার মালের জানাজা ঐদিন বাদ জোহর বাবুরহাট-মতলব রোডের মাথায় ছাত্তার মাল সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালাহ্ জামে মসজিদের (বড় মসজিদ) খতিব আলহাজ মুফতি মাও. মো. ফারুক আহমেদ।
জানাজার আগে ছাত্তার মালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, বাবুরহাট বড় মসজিদের সহ-সভাপতি আলহাজ মানিক মাল, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দোলোয়ার হোসেন খান প্রমুখ। পরে ছাত্তার মালকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম ছাত্তার মাল ফুটবলপ্রেমী মানুষ ছিলেন। তিনি ছাত্রজীবনে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের হয়ে বহু ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি জীবনদশায় ছোট ছেলেসহ অনেক ফুটবল খেলোয়াড় তৈরি করেন এবং খেলার জন্য উৎসাহ দিয়েছেন।
উল্লেখ্য, মরহুম ছাত্তার মাল কবি ও লেখক মোখলেছুর রহমান ভূঁইয়ার শ্বশুর ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
১০ জুন, ২০২০।
