সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শাহরাস্তিতে যুবককে কুপিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে মো. রফিকুল ইসলাম (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই গ্রামের মৃত আশু মিয়ার ছেলে। আটক যুবক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়া একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, দুপুরে জেএসসি পরীক্ষার ফলাফল দেখতে কয়েকজন অভিভাবক চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে যায়, সেখানে ফলাফল দিতে দেরী হওয়ায় তারা স্কুলের সামনের দোকানে চা খেতে যায়। সে সময় দোকানে জুনিয়র একটি গ্রুপ বসে থাকায় তাদেরকে দোকান থেকে বের হতে বলে সিনিয়ররা। তারা বের না হলে তাদেরকে চড়-থাপ্পার মেরে দোকান থেকে বের করে দেয়া হয়।
এ নিয়ে বিকেলে সালিস হওয়ার কথা ছিল। সালিস না হওয়ায় আটক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়াসহ কয়েকজন পার্শ্ববর্তী ষষ্ঠিবাড়ীতে হানা দেয়। এ সময় বাড়ীতে রফিককে পেয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যায়।
ওসি শাহআলম আরো জানান, এ ঘটনায় রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা উপস্থিত রয়েছি।