সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের জেলা কমিটি এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা সুজনের সদস্য এবং দীর্ঘদিন কাজ করে আসছি তারা কেউ কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। রাজনীতির বাইরে এসে সামাজিক কাজগুলো করতে হচ্ছে। কিন্তু যে কোন সরকার আসলে এবং পরিবর্তন হলে আমাদের সরকারের দালাল হিসেবে তক্মা নিতে হয়। এটি খুবই দুঃখজনক। আমরা সমাজসেবামূলক কাজে জড়িত তারাও বিশেষ মুহূর্তে একত্রিত হতে পারছি না।
তিনি আরো বলেন, দেশের যে সরকার ক্ষমতায় আসে তখন ওই সরকারের সাথে নানাভাবে জড়িত হয়ে কাজ করতে হয়। কিন্তু এই বিষয়টি কেউ কেউ ভিন্ন দিকে নিতে চায়।
সভাপতি বলেন, সুজন নির্বাচনের নানা দিক নিয়ে কাজ করে আসছে। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের পরিবেশ সুন্দর হবে। তখন আর দুর্নীতির বিরদ্ধে বিভিন্ন সংগঠনকে কাজ করতে হবে না। আমরা এমনটি প্রত্যাশা করছি। সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) চাঁদপুর জেলার সাবেক সভাপতি কাজী শাহাদাত ও চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নজির মিয়াজী অপু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজন চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র যুগ্ম-সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুজন সদস্য রোটা. মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, রিয়াদ ফেরদৌস ও আল-ইমরান শোভন, সংগঠনের যুগ্ম-সম্পাদক পীরজাদা মাহফুজ উল্যাহ খান, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. মিলন, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের এই ক্রান্তিকালে সুজন এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে নির্বাচন কমিশন সংস্কারের যে দায়িত্ব দিয়েছেন এটিকে আমরা স্বাগত জানাই। এই সরকারের ভালো কাজের মধ্যে এটি একটি। সুজন সব সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করে আসছে। একই সাথে সুশাসন নিশ্চিত করার জন্য ভূমিকা রাখছে। সংগঠনের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে তা বাস্তবায়নে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বক্তারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

১৩ নভেম্বর, ২০২৪।