সাগর চৌধুরী
যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশী নাগরিক সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বুধবার (১০ মে) বিকেলে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এসময় এসব বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন। রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আজ রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশী এসব নাগরিকদের মধ্যে ৫২ জন ১০ মে রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। আগামীকাল কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশে ফিরে যাবেন। অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শীঘ্র সম্ভব দেশে পাঠানো হবে। এসব বাংলাদেশীদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশী নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেয়া হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করেছে।
১১ মে, ২০২৩।
