চাঁদপুর পৌর নির্বাচনের তফসিল ২৩ বা ২৪ আগস্ট
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার স্থগিত হওয়া নির্বাচনের নতুন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামি ২৩ অথবা ২৪ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত হয়।
সোমবার (১০ আগস্ট) রাতে নির্বাচন কমিশনের ৬৭তম সভা শেষে নতুন তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেন, যে প্রার্থী মারা গেছেন শুধু সেই পদের জন্য মনোনয়ন দেয়া হবে। আমরা ২৩ ও ২৪ আগস্ট কমিশন বৈঠক করব। এই দু’দিনের যে কোনো একদিন চাঁদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
চাঁদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন জানান, নির্বাচনী আইন ও বিধিবিধান অনুযায়ী আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন করে কেউ প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, শুধুমাত্র মেয়র পদে নতুন করে প্রার্থী হওয়া যাবে। তবে ইতোমধ্যে বৈধ ঘোষিত দুই মেয়র প্রার্থীকে নতুন করে আর মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী পরিবর্তনও করা যাবে না। কেবলমাত্র আদালতের আদেশে এর ব্যত্যয় হতে পারে।
তিনি আরো জানান, ২৩ অথবা ২৪ আগস্ট তফসিল ঘোষণা হলে প্রথা অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। অপরদিকে নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, সাধারণত তফসিল ঘোষণার পরবর্তী ৩০-৩৫ দিনের মধ্যে পৌর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে হিসেবে ২৩/২৪ আগস্ট তফসিল ঘোষণা হলে সেপ্টেম্বরের শেষ দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের বিদ্যমান প্রার্থী ২ জন হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল।
১৩ আগস্ট, ২০২০।
