
শাহ আলম খান
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে এমন একটি বিষয়, আপনাকে এমন জায়গা নিয়ে চিন্তা করতে হবে যে জায়গার চিন্তা আপনার জানা নেই এবং ওই বিষয়ে আপনাকে ভাবতে হবে। ডিজিটাল প্লাটফর্মের মধ্য দিয়ে জাতি আজ অনেকদূর এগিয়েছে। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে সোনার বাংলার নতুন নাম হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল আর সোনার বাংলাদেশ একাকার হয়ে গেছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই স্লোগানে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সারা দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১০-১৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চাঁদপুরে এই প্রতিযোগিতার প্রস্তুতি নেয়া হয়েছ এবং এই প্রতিযোগিতায় ভাল করতে হবে। অনেক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। অনেক দক্ষ ছেলে-মেয়েরা আছে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ভাল ফলাফল করতো। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের উৎসাহিত করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং চাঁদপুর আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার মো. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী প্রথমে স্বপ্ন দেখিয়েছেন ডিজিটাল বাংলাদেশের। আজ সারাদেশে ডিজিটাল বাংলাদেশের সেবা ছড়িয়ে পড়েছে এবং মানুষ সেবা গ্রহণ করছে। ডিজিটাল সেবার ক্ষেত্রে চাঁদপুরও পিছিয়ে নেই। আমরা এখন ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল হয়েগেছি। আমাদের পুলিশিং ব্যবস্থার মধ্যে প্রতিটি প্রদক্ষেপে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আগামি দিনে দেশ গঠনে ডিজিটাল প্রযুক্তি নিয়েই এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, মানুষ স্বাভাবিকভাবেই স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করেন। যে জাতি স্বপ্ন দেখে না, সে বাস্তবায়ন করতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এক সময় শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিলো আমাদের ভাষা বাংলা হবে। রক্ত দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বাঙালির মুক্তি হবে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং মুক্তির সংগ্রামের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তার ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন সোনার বাংলার গড়ার। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সারা দেশে তিনি এই সেবার আওতায় আনতে সক্ষম হয়েছেন।
আলোচনা সভায় ডিজিটাল বাংলাদশে বিষয়ে ডুকুমেন্টরি প্রদর্শন করেন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রেদওয়ান আহম্মেদ, টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিপা আক্তার, কচুয়া আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ যোহরা লামিয়া, পুরানবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাছনুর আক্তার, হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সিনথিয়া প্রমুখ।
আলোচনা শেষে জেলা পর্যায়ে ‘আমার দেখা ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ে প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। একই সময় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
প্রেজেন্টেশন বিজয়ীরা হলেন- রিপা আক্তার, শেখ মাইশা জামান ও মো. ফয়সাল হোসাইন। রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সিনথিয়া ইসলাম, ফাতেমাতুজ যোহরা লামিয়া ও তাছনুর আক্তার।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি সার্কিট হাউজ থেকে বের হয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
