স্বাধীনতার সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে হবে …..অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে গত সোমবার চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড যুবলীগের অধীনস্থ ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের মহল্লা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে আমরা কতটা অসহায়। আর যদি আমাদের দেশই না থাকতো তাহলে ভাবেন তো আমাদের কি হতো। এখন কিন্তু সে কষ্টটা আমরা পাচ্ছি না। কারণ আমাদের একটি দেশ আছে। আর সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এখন কিন্তু রোহিঙ্গারা বুঝে দেশ না থাকার কি কষ্ট। এই দেশটাকে আমাদের করতে অনেক ত্যাগ, তিতিক্ষা ও রক্ত ঝড়াতে হয়েছে। অনেক মা বোনের ইজ্জত দিতে হয়েছে। কতটা বেদনাদায়ক ছিলো সে দৃশ্যগুলো। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি। কিন্তু যাদের কারণে এই উপহার তাদের স্মরণ রাখতে হবে সব সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন অর্থাৎ ১৪ বছর কারাভোগ করেছেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। এই কারাভোগের কারণ ছিলো দেশকে স্বাধীন ও দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা।
তিনি আরো বলেন, আজ যারা এখানে উপস্থিত হয়েছে। অনেক বয়োবৃদ্ধ আছেন যারা যুদ্ধ দেখেছেন। তারা ইতিহাস জানেন। স্বাধীনতার সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আপনি আমি থাকবো না। ইতিহাস থেকে যাবে। যারা দেশের জন্য, ভাষার জন্য শহীদ হয়েছেন তাঁদের আত্মত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আ. গনি গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোবারক গাজী।
উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গাজী, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম গাজী, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, ছাত্রলীগ নেতা ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী প্রায় ৩শ’ পরিবারের মাঝে তবারুক বিতরণ করা হয়।