
সাহেদ হোসেন দিপু
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। অপরদিকে বিএনপির একক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীকে এককভাবে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন আরো ৩ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন দলীয় মনোনয়ন না দিলেও সেখানে প্রায় ডজনখানেক প্রার্থী মনোনয়ন জমা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে বিএনপি থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নূর হোসেন পাটওয়ারী হলেন আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, সহ-সভাপতি শাহজান মিয়া, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ পরিচয় দিয়ে ১০ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জাম দিয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য হাজি ইসহাক খোকন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের ৪ প্রার্থী বিএনপির একক প্রার্থীর সাথে ভোটের লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থীর সাথে আওয়ামী লীগ সমর্থিত ১০ প্রার্থী ভোট যুদ্ধে নামতে প্রস্তুত। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী এবং আওয়ামী লীগের একাধিক প্রার্থী হওয়ায় উপজেলা জুড়েই রয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে ২২ তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষে দিনে কে কে মাঠে থাকবে তা দেখার অপক্ষোয় রয়েছে হাইমচরবাসী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই প্রথম হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে হাইমচর উপজেলা নির্বাচন অফিস কাজ করে যাচ্ছে। ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন ভোটারদের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা প্রতিক দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এ সংগঠনের হাইমচর উপজেলায়ও অনেক বড় বড় নেতা রয়েছেন। যারা মনোনয়ন চেয়েছেন সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য। এর মধ্য থেকে নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতিক দিয়েছেন। এই নৌকা প্রতিক হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠনের। যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, আওয়ামী লীগকে ভালবেসে জননেত্রী শেখ হাসিনার কর্মী তারা নৌকার সাথে, জননেত্রী শেখ হাসিনার সাথে কখনো বেঈমানি করবে না। ১৩ জানুয়ারি একটি সুষ্ঠু, অবাদ, শান্তিপূর্ণ নির্বাচনে ভোটারদের ভোটাধিকারের মাধ্যমে জনগণের ভালবাসায় আবারো উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবো, ইনশাআল্লাহ।
