হাইমচরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে



হাইমচর ব্যুরো
চাঁদপুর জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশুর নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা সদর আলগী বাজার আওয়ামী লীগ কার্যালয় হতে মিশুর নেতৃত্বে ছাত্রলীগের একটি বিশাল মিছিল উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। পরে নেতৃবৃন্দ আওয়ামীলীগ কার্যালয়ে সমবেত হয়ে সভায় মিলিত হন।
এ সময় তারা বলেন, যোগ্য নেতৃত্ব হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগের যে কমিটি দেয়া হয়েছে, তা অত্যন্ত সময় উপযোগী। কর্মীবান্ধব নেতা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যথেষ্ট সুনাম রয়েছে। এ সময় তারা ছাত্রলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানান।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা খন্দকার ইলিয়াছ আলী সবুজ, সুলতান ঢালী, মিনহাজ পাটওয়ারীসহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ।
পরে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু।