হাইমচরে জনশুমারি জরিপ অবহিতকরণ মতবিনিময় সভা

সব শ্রেণি-পেশার মানুষকে জনশুমারির তালিকাভুক্ত করতে হবে
…………..যুগ্ম সচিব ড. শাহাদাত হোসেন
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে জনশুমারি জরিপ কার্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্থায়ীভাবে শুমারি-জরিপ কমিটির সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াই হলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান সেন্সান উইং পরিচালক (যুগ্ম সচিব) ড. শাহাদাত হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, একসময়ের অনুন্নত ও অবহেলিত হাইমচর এখন আর পিছিয়ে পড়ে নেই। হাইমচর উপজেলায় অবকাঠামোসহ সার্বিক উন্নত হলেও সরকারি সুবিধা থেকে অনেকেই বঞ্চিত। আগের জনশুমারি তথ্য অনুযায়ী অসহায় মানুষজনের সংখ্যার চাইতে কম বরাদ্দ আসায় সবার মাঝে ত্রাণ-অনুদান বন্টন করা সম্ভব হয় না। তাই এখন যে নতুন করে জনশুমারি ও গৃহগণনা হবে তাতে যেন হাইমচরের একটি লোকও বাদ না পড়ে। সব শ্রেণি-পেশার মানুষকে জনশুমারির তালিকাভুক্ত করতে হবে। তাহলেই হাইমচরের সব শ্রেণি-পেশার মানুষজনের মাঝে সরকারি সেবা প্রদান করা যাবে। কেউ সরকারি সেবা থেকে বঞ্চিত হবে না। সরকারি সেবা পেতে হলে জনশুমারির তালিকাভুক্ত হতে হবে।
মতবিনিময় সভায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রেহেনা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মামুন রায়হান, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সন্তোষ কুমার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ বাশার, ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সরদার, আব্দুল জলিল মাস্টার, আহমেদ আলী মাস্টার, হাবিবুর রহমান গাজী ও মনির আহমেদ দুলাল।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব এইচএম ফিরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগেন চাকমা, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, মৎস্য অফিসার মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিচালক জিল্লুর রহমান জুয়েল, বাজার কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতয়ালসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২৬ জানুয়ারি, ২০২১।