হাইমচরে জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

সাহেদ হোসেন দিপু
হাইমচরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা হলরুমে এই ওরিয়েন্টেশন কর্মশালায় হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
প্রধান অতিথি ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধনকালে বলেন, আমাদের শিশুরা কোথায় যাচ্ছে, কি করছে- তাদের প্রতি আমাদের দৃষ্টি রাখা উচিৎ। বর্ষার সময় ডোবা, খাল, বিল পানিতে ভরপুর থাকে। আমাদের শিশুরা ঘর থেকে নামছে কিনা সেদিকে নজর রাখতে হবে। যে শিশুটিকে ১ বছর অথবা তিন বছর ধরে শ্রম দিয়ে লালন-পালন করেছেন সেই শিশুটা ৫ মিনিটের মধ্যে এ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমাদের সচেতনতা না থাকলে। আজ জেলা তথ্য অফিস কর্তৃক সচেতনতা বৃদ্ধি ও সুপরামর্শ দেয়ার জন্য আপনাদের এখানে একত্রিত করেছে। আপনারা সমাজের নেতৃস্থানীয় লোক, আপনারা মানুষকে শ্রম দিয়ে জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গিকার সোনার বাংলা গড়া, আপনারা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যে যে অবস্থানে আছি আমাদের নীতিভ্রষ্ট না করে মানুষের কল্যাণে কাজ করে যাবো- এটাই হোক আমাদের অঙ্গীকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেনসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

১৪ জুন, ২০২১।