সাহেদ হোসেন দিপু
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে হাইমচরে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাফল্য অর্জন করতে হলে নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। সবাই নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হবেন। কোনো কাজকে ছোট করে দেখবেন না। তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড অসাধারণ ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে। সবাই নিজ নিজ দক্ষতা উন্নয়ন করে সামাজিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দক্ষ জনশক্তি উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, সমবায় নিবন্ধিত বিভিন্ন সমিতি ও দলের মাধ্যমে জনসাধারণকে একত্রিত করে দক্ষ জনশক্তি উন্নয়ন আমরা প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে থাকি। হাইমচর উপজেলায় ২০৩ দল/সমিতির মাধ্যমে আমরা ১৯ হাজার ৯৭৭ জন সদস্যের মাধ্যমে ঋণ সহায়তা দিয়েছি। হাইমচরে সব মিলিয়ে এখনো ২ কোটি ৬৭ লাখ ৩ হাজার টাকা জনসাধারণের কাছে বকেয়া রয়েছে।
প্রশিক্ষণ নিতে আসা সদস্য তওহিদ, রাজিয়া, জান্নাতসহ আরো অনেকে বলেন, নিজ নিজ দক্ষতা উন্নয়নে আমরা এই প্রশিক্ষণ নিতে এসেছি। হাঁস-মুরগি, গবাদিপশু পালন, বিভিন্ন হাতের কাজের দক্ষতা বৃদ্ধি করে পল্লী উন্নয়ন বোর্ড থেকে আর্থিক ঋণ সহয়তা নিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি দক্ষতা বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশ সমাজের বোঝা না হয়ে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে পারবো।
প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা মজুমদার, হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা আব্দুস সালামসহ আরো অনেকে।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সাড়ে ১০টায় বিআরডিবি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়। সকাল ১১টায় উপজেলার সব সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়, সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, বেলা ১২টার সময় উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সাড়ে ১২টায় চরভৈরবী ভূমি অফিস পরিদর্শন, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও কেভিএন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।
১৩ নভেম্বর, ২০২৪।
