আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না
………শেখ ফরিদ আহমেদ মানিক
সাহেদ হোসেন দিপু
হাইমচরে দুর্গা পূজা উপলক্ষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি লক্ষণ সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, হাইমচরে দুর্গা পূজা আপনারা সুন্দরভাবে উদযাপন করতে পারছেন কিনা সেটি দেখতে এসেছি আমরা। আমার আসলে ধারণা পরিবর্তন হয়ে গেছে। আমার ধারণা ছিলো আমরা মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যাই, নারীরা বাড়িতে নামাজ পড়েন। কিন্তু হিন্দু ধর্মের পুরুষের থেকে নারীরা বেশি মন্দিরে পূজা করতে আসেন। আপনাদের কাছে অনুরোধ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এবং আমার পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন।
তিনি আরো বলেন, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ক্রমান্বয়ে সমাধান করার চেষ্টা করব। এবং আশা করি সেই সমস্যার সমাধানগুলো করতে পারবো। আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। এবং আপনারও আমাদের পাশে সবসময় থাকবেন। তবে হিন্দু সম্প্রদায়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিজেদের কখনও সংখ্যালঘু ভাববেন না, আমরা সবাই বাংলাদেশি। এই যে বাংলাদেশে আমরা সবাই একসাথে চলতে পারি একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, জগন্নাথ মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি অনিল কৃষ্ণ, সাধারণ সম্পাদক রিপন স্বর্ণকারসহ চাঁদপুর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৩ অক্টোবর, ২০২৪।
