হাইমচরে নৌকা ও ধানের শীষ প্রার্থীদের বিরামহীন প্রচারণা


সাহেদ হোসেন দিপু
আগামি ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তা নিয়েই চলছে ভোটারদের মাঝে নানা গুঞ্জন ও চুল-চেড়া বিশ্লেষণ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী থাকলেও প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন নৌকা ও ধানের শীষ প্রতিকের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতা কর্মীর সাথে ছাত্রলীগ, যুবলীগের সাথে স্থানীয় সমাজসেবকসহ নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে দিনরাত বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসাহাক খোকন নেতা কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে।
উপজেলা বিএনপির সভাপিত আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপির একাংশ ধানের শীষের পক্ষে কাজ করলেও বিএনপি নেতা সরদার জলিল মাস্টারের অনুসারীদের একাংশ আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও গুঞ্জন রয়েছে হাটে-বাজারে। এছাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ তার কয়েকজন অনুসারী নির্বাচনে নিষ্ক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীরা তাকে সন্দেহর চোখে দেখছেন।
গত শনিবার কাক ডাকা ভোর হতেই নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী প্রচার প্রচারণা ও গণসংযোগ করে মাঠ চষে বেড়াতে দেখা গেছে। তিনি উপজেলার আলগী উত্তর ইউনিয়নের নয়ানী, ছাটলক্ষীপুর, কাটাখালি বাজার, গাজীর বাজার ও আলগী দক্ষিন ইউনিয়নের তেলির মোড়, দক্ষিণ আলগী, গন্ডামারা বিভিন্ন গ্রাম মহল্লায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছিত্র তুলে ধরে লিফলেট বিতরণসহ গণসংযোগ করেন। এছাড়া আলগী দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, সদস্য মশিউর রহমান স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম কবির, ইউপি সদস্য কাউছার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল পাটওয়ারীর নেতৃত্বে নেতা কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
উত্তর আলগী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা গাজী সুজন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু খানের নেতৃত্বে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছন।
এছাড়া নীলকমল ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, চরভৈরবী ইউনিয়ন এবং হাইমচর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে প্রচার প্রচারণা গণসংযোগ চলামান রয়েছে। অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসহাক খোকনকে নির্বাচিত করার লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে বিএনপির যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ দিন রাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।