হাইমচরে প্রধানমন্ত্রীর উপহার ছিন্নমূলদের জন্য ৬৭০ ঘর হস্তান্তর

স্টাফ রিপোর্টার
নদী ভাঙনের শিকার ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের কাঁশবন চররাও আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ৬৭০টি ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার বিকেলে এসব ঘর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান। এসময় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সাল থেকে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানে প্রকল্প বাস্তবায়ন করছেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কাঁশবন চররাও চরে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এই চরটি একটি ভাঙন কবলিত এলাকা। যার কারণে এখানকার অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই গৃহহীনদের বাসস্থান তৈরীর জন্যই প্রধামন্ত্রীর এই মহান উদ্যোগ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে। যা আজ আমরা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী চৌধুরী বক্তব্যে বলেন, এসব ঘরে যারা বসবাস করবেন তাদের আমরা স্বাবলম্বী করে তোলার চেষ্টা করবো। তাদের সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ ও কর্মমুখী করার ব্যবস্থা করা হবে। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনাদেরও কাজ করতে হবে এবং নতুন নতুন উদ্যোগ নিতে হবে। আপনাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থসহ সার্বিক সহযোগিতা আমরা পাশে থাকব।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধায়নে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক বিগ্রেডের সার্বিক ব্যস্থাপনায় এসব ঘর নির্মিত হয়।
আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ সিআই শীট দিয়ে আচ্ছাদিত। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে মোট ৪০২টি টয়লেট এবং বিশুদ্ধ পানির জন্য ১৩৪টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
মেজর সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন নীলকমল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসের আল সাউদ ও গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীসহ গণমান্য ব্যক্তিবর্গ।

২০ ফেব্রুয়ারি, ২০২২।