সাহেদ হোসেন দিপু
হাইমচরে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের ২২ দিনের অভিযানে ১৩ লাখ ২১ হাজার মিটার জাল ও ৬১ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
হাইমচর কোস্টগার্ড সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন ক্ষেত্র তৈরিতে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের অভিযানে ১৩ লাখ মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা), ২২টি নৌকা, ৭শ’ কেজি ইলিশ মাছসহ ৬১ জন জেলেকে আটক করে কোস্টগার্ড।
হাইমচর কোস্টগার্ড সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলাম জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র তৈরিতে হাইমচরের মেঘনাসহ চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায়ও আমাদের অভিযান ছিল অব্যাহত। আমরা ২২ দিনে মোট ৪৪টি অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে ৭টি অভিযান ছিল উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মৎস্য এবং কোস্টার্ডের যৌথ অভিযান।
এবারের অভিযানে আমরা ২২টি কাঠের বোট (নৌকা), ১৩ লাখ মিটার কারেন্ট জাল এবং ৬১ জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছি। আটক জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করেছি। জব্দকৃত জালগুলো সবার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি। মাছগুলো বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করেছি। নৌকাগুলো জব্দ রয়েছে।
