হাইমচরে ২ শতাধিক মানুষকে পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
বর্তমান এই সময়ে করোনা মহামারির এই দুঃসময়ে জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা নিয়ে হাইমচরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ব্যাটারি চালিত ইজিবাইক চালক, অটোরিকশা চালক, অসহায় গরিব, দুঃস্থ, পঙ্গু ও প্রতিবন্ধী ২০০ শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
হাইমচরে মানবিক সহায়তা হিসেবে পুলিশ সুপার কর্মহীন এসব লোকদের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
সোমবার (২ আগস্ট) বিকেলে হাইমচর থানা প্রাঙ্গণে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে বিট পুলিশিং সেবার মাধ্যমে থানাভিত্তিক প্রত্যেকটা বিটে অতিদরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের মাঝে মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জেলা পুলিশ এভাবে তাদের ত্রাণ পৌঁছে দিবেন বলে পুলিশ সুপার জানান। অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিজ নিজ অবস্থান হতে সবার প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, যাদের সহযোগিতা দেওয়া হচ্ছে, তারা মূলত এখন পর্যন্ত কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি এমন লোকদেরই আমরা নির্বাচন করছি। আমাদের বিট পুলিশের মাধ্যমে আমরা সেই লোকগুলোকে খুঁজে বের করছি। এর বাইরেও যদি কেউ থাকে আমরা তাদের খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করছি এবং ভবিষ্যতেও করবো।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, অফিসার ইনচার্জ হাইমচর মো. মাহবুবুর রহমান মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০২ আগস্ট, ২০২১।