হাইমচর উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সাহেদ হোসেন দিপু
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজান মিয়া ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এখন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতিকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী ও বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার এবং বিএনপির মনোনীত একক প্রার্থী ইসহাক খোকন চেয়ারম্যান পদে লড়বেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী, বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা কামরুল বেপারী নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে ভাইস চেয়ারম্যান পদে আরো ৬ জন প্রার্থী রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের শাহনাজ বেগম ও বিএনপির ফাতেমা বেগম লড়বেন।
প্রার্থীদের সাথে আলাপকালে জানা যায়, চাঁদপুর ও ঢাকায় দফায় দফায় বৈঠক শেষে প্রত্যেকেই দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং ডা. দীপু মনি এমপির প্রতি শ্রদ্ধা রেখেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন।