
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতিগ্রহণ করা হয়েছে
………….নির্বাচন কমিশনার কবিতা খানম
হাইমচর ব্যুরো
আগামি ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব প্রস্তুতি গ্রহণ করেছে। বিগত দিনে সব উপজেলায়ই সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। তারই ধারাবাহিকতায় হাইমচরে সব প্রার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমি হাইমচরে আসার সময় দেখেছি, হাইমচরে সব প্রার্থীই প্রচার-প্রচারণায় পোস্টার সমানতালে উড়ছে। ইভিএম পদ্ধতিটি হাইমচরে নতুন হলেও ইতোপূর্বে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি ভোটারদেরও ভোট প্রদানের পদ্ধতি শিখানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সব প্রার্থীর প্রতি সমান আচরণ প্রদর্শন করবে। সব মিলিয়ে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। প্রত্যেক প্রার্থীকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
গত বৃহস্পতিবার বিকেল ৪টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী, মোতালেব জমাদার, হাজি ইসহাক খোকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী ও জি এম ফজলুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
