মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে

সাহেদ হোসেন দিপু
হাইমচরে বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের মায়ের পায়ে হাত দিয়ে ধুয়ে দেয়ার সময় তারা সন্তানদের বুকে টেনে নিয়ে কাঁদতে থাকেন। আবেগাপ্লুত হয়ে উপস্থিত সবার চোখে জল নেমে আসে। ব্যতিক্রমী আয়োজনে মাদের প্রতি সন্তানের ভালবাসা ফুটে উঠেছে।
গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ সকল পরীক্ষার্থী মাদের পা ধুয়ে দেয়া এবং দোয়া গ্রহণের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব মা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।
তিনি তার বক্তব্যে বলেন, একজন মা তার সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তার বাবা ততটা পরিশ্রম করে না। একজন মা তার সন্তানকে জীবন দিয়ে আগলে রাখে। মা’য়ের কাছে সন্তান সবচাইতে বেশি নিরাপদ। সেই মার পা ধুয়ে দেয়া তোমাদের ভাগ্যের ব্যাপার। এ পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে আমি আশা করি তোমাদের মাদের প্রতি আরো শ্রদ্ধা এবং ভালবাসা বেড়ে যাবে। তোমরা কখনো মাদের অবহেলা করবে না। মা যতটা পরিশ্রম করে তোমাদের সেবা করে। মাদের প্রতি ঠিত ততটা যত্নবান হবে। যে সন্তানের উপর তার মা’র আশীর্বাদ থাকে সেই সন্তান সকল কিছুতেই সফলতা অর্জন করতে পারে। তাই আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়ের দোয়ায় নিজেরা সফলতা অর্জন করে মা বাবা তথা এ বিদ্যালয়ের সুনাম অর্জন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একএম মীর হোসেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
