মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. সুজন হাজি (৩৫) ও মো. আরমান হোসেন পাটওয়ারী (১৬) মারা গেছেন। রোববার (১৩ অক্টোবর) বিকালে দুর্ঘটনাস্থলে সুজন হাজি এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমানের মৃত্যু হয়। এদিন বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের কেকে ফুড নামক কফি হাউজের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হাজি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের হাজি বাড়ির মো. খোরশেদ আলম হাজির ছেলে। তিনি ওই ইউনিয়নের মহামায়া বাজার কাঁচামালের ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। অপর নিহত আরমান ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের পাটওয়ারী বাড়ির মো. আইয়ুব আলী পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী তিন-চারটি মোটরসাইকেল যোগে কয়েকজন তরুণ চাঁদপুরের দিকে যাচ্ছিলেন এবং ব্যবসায়ী সুজন হাজি তার মোটরসাইকেল যোগে হাজীগঞ্জের দিকে আসছিলেন। এসময় তরুণদের একটি মোটরসাইকেলের সাথে সুজন হাজির মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ব্যবসায়ী সুজন হাজি মারা যান।
এসময় অপর মোটরসাইকেল আরোহী আরমান পাটওয়ারী ও ইউসুফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান পাটওয়ারী মারা যান। অপর আহত ইউসুফের শারীরিক অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানা পুলিশ নিহত সুজন হাজির মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি পুলিশি হেফাজতে নিয়ে আসে। মোটরসাইকেল দু’টির মধ্যে একটি নম্বর লক্ষ্মীপুর-ল-১১৫১৩৩ এবং অপরটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নিলামে ক্রয়কৃত। যার হাজীগঞ্জ থানার বিবিধ মামলা নং ১২/২০১৫, জিডি নং-১৬৫৫।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের স্বজনদের সমবেদনা জানিয়েছেন- জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলনসহ জেলা, চাঁদপুর সদর ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি এবং মহামায় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কেকে ফুডের মালিক আবু ছাইদ ও সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন সংবাদকর্মীদের জানান, ৩/৪ টি মোটরসাইকেলে করে একদল যুবক প্রচন্ড গতি নিয়ে ঐ স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে সবাই সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে একজন মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হয়।
নিহতের সুজন হাজির চাচা হাছান হাজি জানান, দুই সন্তানের জনক সুজন একজন সুপারী ব্যবসায়ী। তিনি মহামায়া বাজার থেকে সুপারি কাটার কাঁচি সান (ধার) দেওয়ার জন্য হাজীগঞ্জে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আরমান পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে আরমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসময় তিনি আরও বলেন, এর আগে লিখিত আবেদনের ভিত্তিতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ঘটনাস্থলে নিহত সুজন হাজির মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তিনি জানান।
১৪ অক্টোবর, ২০২৪।
