স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর নির্বাচনের প্রচারণার শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার মেয়র পদপ্রার্থী মামুনুর রশিদ বেলালের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাতপাখা মার্কার সমর্থনে মিছিল নিয়ে সর্মথকরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথসভা শেষ করে হাতপাখার সমর্থনে একটি গণমিছিল বের হয়।
মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে কুমিল্লা রোড, কালিবাড়ি মোড়, পাল বাজার ব্রিজ হয়ে পুরান বাজার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পুরানবাজার নতুন রাস্তার মোড়ে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
শেষ পথসভায় হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল বলেন, হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। ঘুষখোর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। আমার বিশ্বাস এই পৌরসভার নাগরিকরা শত ও ভালো লোককে মেয়র হিসেবে নির্বাচিত করতে চায়। সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে হাতপাখার পক্ষে ভোট দিয়ে আল্লাহ ভীরু সৎ ও যোগ্য লোককে মেয়র হিসাবে নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, আপনারা আমার উপর বিশ্বাস ও আস্থা রাখুন, হাতপাখা মার্কায় ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করলে, আমি শতভাগ দুর্নীতিমুক্ত চাঁদপুর পৌরসভার গঠন করবো। তিনি সবশেষে ভোটারদের প্রতি হাতপাখা মার্কার পক্ষে ভোট ও দোয়া প্রত্যাশা করেন।
গণমিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কেএম ইয়াসীন রাশেদসানী, নির্বাহী সদস্য মাও. নুরুল আমিন, ইকবাল হুসাইন তালুকদার, জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ গাজী হানিফ, সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সেক্রেটারি শরিফুল ইসলাম মৃধা, জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমাদ, সহ-সভাপতি কেএম মুখতার হোসাইন, সাধারণ সম্পাদক মহাদি হাসান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
৯ অক্টোবর, ২০২০।
