হানারচরে জেলেদের চাল চুরি, ট্যাগ অফিসার পরিবর্তন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচার ইউনিয়ন পরিষদের নিবন্ধিত জেলেদের ২ টন চাল সিএসডি গোডাউনের লেবার সর্দার আবিদের কাছে বিক্রি করে দেন ইউপি চেয়ারম্যান আবদুল ছাত্তার রাড়ী। এ বিষয়ে গত ১৯ অক্টোবর একটি সংবাদ প্রকাশ হয় স্থানীয় সংবাদ মাধ্যমে। চাল বিক্রি করার কথা স্বীকারও করেন চেয়ারম্যান (তথ্য প্রমাণ সংরক্ষিত)। পরদিন চাঁদপুরের দু’টি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। এরপরে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় বিষয়টি জানার জন্য।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের জন্য নির্ধারিত ট্যাগ অফিসার ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধির চন্দ্র পর্বত। তাকে ধমকের মধ্যে রাখতেন ইউপি চেয়ারম্যান ছাত্তার রাড়ী। পরে সুধির চন্দ্র পর্বতকে পরিবর্তন করে আনিছুর রহমানকে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে চেয়ারম্যান ছাত্তার রাড়ী তার চাল চুরির ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে সে চাল চুরি করেনি বলে বক্তব্য দিচ্ছেন। অথচ প্রকাশিত সংবাদে তার স্পষ্ট বক্তব্য রয়েছে। তিনি বলছেন, সাংবাদিকদের ভুল তথ্য দেয়া হয়েছে। কিন্তু তিনি সিএসডি গোডাউনের লেবার সর্দার আবিদের কাছে ২ টন চাল বিক্রি করেননি, এমন তথ্য-প্রমাণ এখনো তিনি দিতে পারেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন পরই ইউনিয়ন পরিষদগুলোতে ভিজিডি’র চাল বিতরণ করা হবে। ওই চাল প্যাকেট করে রাখার কারণে বিক্রি করা সম্ভব হয়নি। সেখান থেকেও প্রত্যেক ভিজিডি গ্রহণকারীর কাছ থেকে ৬০ টাকা করে নেয়ার অভিযোগ রয়েছে ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে।
ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ীর দুর্নীতি নিয়ে আরো প্রতিবেদন তৈরীর অনুসন্ধান চলছে।