স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের নির্বাচন হাইকোর্ট স্থগিত করেছে। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ীর রিটের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছে আদালত।
হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন স্থগিতের আদেশ দেন সোমবার (৮ নভেম্বর)। আগামি ৮ সপ্তাহের জন্য এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। এতে করে আগামি ১১ নভেম্বর হানারচর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না বললেই চলে।
হানারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ী রিটে উল্লেখ করেছেন, ইউনিয়ন ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দু’টি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মুনিরুজ্জামন আহসাদ, ব্যরিস্টার আতিকুর রহমান। ফাইলিং আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মোসাম্মৎ মনিরা সুলতানা।
ব্যারিস্টার মুনিরুজ্জামন আসাদ জানিয়েছেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ত্রুটিগুলো আদালত আমলে নিয়ে আগামি ৮ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছে।
০৯ নভেম্বর, ২০২১।
