মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে এক অসহায়ের বাড়িতে খাবার পৌঁছে দিলেন থানার ওসি। শুক্রবার (২৯ মে) রাত ১০টায় সরকারি হেল্পলাইনের ‘৯৯৯’ নম্বর থেকে একটি কল আসে থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বরে। ঐ কর্মকর্তা নিজের পরিচয় ও অসহায়ের ঠিকানা দিয়ে জানান, ৩ দিন ধরে ঐ ব্যক্তির ঘরে খাবার নেই। পরিবার নিয়ে না খেয়ে আছেন। তাকে যেন কিছু খাদ্যসামগ্রী দেয়া হয়।
ডিউটি অফিসার ঘটনাটি থানার অফিসার ইনচার্জকে জানান। তিনিও ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত হয়ে ওসি স্বপন কুমার আইচ ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, তেল, লবণসহ শুকনো খাবার নিয়ে রাত ১১টার দিকে ঐ বাড়িতে হাজির হন।
মতলব দক্ষিণ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাহায্য চাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার বোয়ালিয়া এলাকায়। তিনি একজন দিনমজুর। মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তার সংসার।
এলাকার ৩/৪ জন ব্যক্তি বলেন, ওই দিনমজুর তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকদিন ধরে তিনি কর্মহীন। শারীরিকভাবেও অসুস্থ। আয়-রোজগার ও জমিজমা নেই। তিন দিন ধরে তার ঘরে খাদ্যসামগ্রী ছিল না। ছেলে-মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মা-বাবা নিয়ে না খেয়েছিলেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ‘৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চান।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, ই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলার পর আশপাশের লোকজনের কাছ থেকেও ঘটনার সত্যতা যাচাই করি। এরপর রাতেই ব্যক্তিগত উদ্যোগে বাজার থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ প্যাকেট লবণ, ২ লিটার তেল, ৩ হালি ডিম ও বড় ৩টি পাউরুটি কিনে নিজেই ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সেগুলো পৌঁছে দিই।
ওই দিনমজুর ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লকডাউন শুরুর পর থেকে কার্যত তিনি বেকার। শরীর অসুস্থ থাকায় কয়েকদিন ধরে কাজও করতে পারছেন না। রোজগার না থাকায় ৬ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। থানা থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুব স্বস্তি লাগছে তার। অন্তঃত আগামি কয়েকটা দিন সবার পেটে খাবার জুটবে।
৩০ মে, ২০২০।
