এস এম সোহেল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জরুরি মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের হুইপের কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সিদ্ধান্তসমূহ হলো- আগামি ২৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা, ২৭ নভেম্বর শাহরাস্তি উপজেলা, ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা ও পৌর এবং ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে আগামি ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম সদর উপজেলার টিম প্রধান আব্দুর রব ভূঁইয়া, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম পৌর টিম প্রধান ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম হাইমচর উপজেলার টিম প্রধান আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারীসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি দৈনিক ইলশেপাড়কে জানান, হাজীগঞ্জ উপজেলা, শাহরাস্তি উপজেলা, হাইমচর উপজেলা, চাঁদপুর সদর উপজেলা ও পৌর এবং কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সহসাই মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ নির্ধারণ করা হবে। সব উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হলে পরবর্তীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ১০ ডিসেম্বর সম্ভাব্য তারিখ কেন্দ্র থেকে বলা হয়েছে।
০৯ নভেম্বর, ২০২২।
