তফসিল ঘোষণার পর সদস্য প্রার্থীদের পক্ষে ফেসবুকে প্রচারণা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরসহ দেশের ৬১টি জেলা পরিষদে আগামি ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণা করে। এসব জেলা পরিষদে ভোট নেওয়া হবে ইভিএমে এবং সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামি ১৫ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক কামরুল হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
জানা গেছে, এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বিএনপি ও জাতীয় পার্টি বয়কট করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলায় চেয়ারম্যান নির্বাচিত হন।
অপর ১৩টি জেলায় আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এবং ২১টি জেলায় আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এর মধ্যে চাঁদপুরের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ ওচমান গনি পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।
নির্বাচিতরা ২০১৭ সালের ১১ জানুয়ারি শপথ নিয়েছিলেন এবং ওই বছরের জানুয়ারিতেই জেলা পরিষদগুলোর প্রথম বৈঠক হয়েছিল। এ হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়েছে।
পরবর্তীতে গত ২৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয় সরকার। যার ফলে আলহাজ ওচমান গনি পাটওয়ারী চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন (৬ মাস) আগে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। অথচ পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৭ মাস পর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণার পর থেকেই ফেসবুকে জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য প্রার্থীদের পক্ষে দোয়া চেয়ে সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী নিয়ে কোন পোস্ট চোখে পড়েনি।
তবে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে কৌতুহল। বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে চায়ের দোকানে চলছে প্রাথমিক আলোচনা। অপর দিকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঝেও চলছে আলোচনা। কে হচ্ছেন, দলীয় প্রার্থী?
২৪ আগস্ট, ২০২২।
