২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুরে আ.লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। রোববার (২১ আগস্ট) সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, ২১ আগস্ট শান্তি সমাবেশে রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা চালানো হয়। সেদিন সরকারের টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু দলীয় নেতা-কর্মীরা মানবঢাল সৃষ্টি করে নেত্রীকে রক্ষা করেছিলেন। বিএনপি-জামায়াত জোট দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে সেদিন গ্রেনেড হামলা চালায়। জোট সরকারের আমলে ২২ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়া। আমাদের আবেদন থাকবে তারেক জিয়াকে দেশে এনে শাস্তি দেওয়া হোক।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ আগস্ট আমাদের নেত্রীকে হত্যা কারার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেদিন নেত্রী বেঁচে গেলেও আমাদের অনেক নেতা-কর্মী হতাহত হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড়. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না প্রমুখ।

২২ আগস্ট, ২০২২।