চাঁদপুরে সংঘবদ্ধ চক্রের কারসাজি
স্টাফ রিপোর্টার
চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে একটি চক্র চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে জনবল নিয়োগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ করছে হাসপাতালটির কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়রি করেছে চাঁদপুর মডেল থানায়। হাসপাতাল সংশ্লিষ্টরা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jobs In Chandpur নামক Facebook page থেকে কে বা কারা এমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতারক চক্র জনগনকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ঐ সাধারণ ডায়রিটি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুর মডেল থানা আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে কেউ কেউ বলছে, হাসপাতালের অভ্যন্তরে থাকা নিজস্ব কর্মচারী অথবা আউটসোসিংয়ে কর্মরত কিংবা মাস্টাররোলে কর্মরত কিছু অসধু কর্মচারীর যোগসাজশে এমন কাজ করা হয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশের তদন্ত শেষে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করছে।
অভিযোগ আছে, চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবার জন্য গেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাজে জিম্মি হয়ে পরতে হয়। তারা বিভিন্ন অজুহাতে রোগীদের সেবার নামে অর্থ হাতিয়ে নেয়। একই অপকর্মে জড়িত মাস্টাররোলে কর্মরত কর্মচারী ছাড়াও নার্সরা জড়িত। সংশ্লিষ্টরা এ বিষয়ে তেমন তদারকি না করায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চক্রটি।
তবে সামাজিক যোগযোগ মাধ্যমে জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে হাসপাতাল সংশ্লিষ্ট কেউ জড়িত কিনা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। অভিযোগ আছে ইতোপূর্বেও স্থায়ীভাবে জনবল নিয়োগ নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ গণমাধ্যমে আসে।
২৫ জানুয়ারি, ২০২৪।
