১ থেকে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার
বিগত বছরের মতো চাঁদপুরের ঐতিহ্য রূপালি ইলিশকে নিয়ে এবছর সীমিত আয়োজনের মধ্য দিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ১২তম ইলিশ উৎসবের আয়োজন করছে।
ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ জানান, দেশে বৈশ্বিক করোনা মহামারির কারণে সপ্তাহ ব্যাপী ইলিশ উৎসবের কার্যক্রম কমিয়ে ৩ দিনে আনা হয়েছে, শুধুমাত্র উৎসব পালনের জন্য। তবে পুরো অনুষ্ঠান হবে ভার্চুয়েল। ৩ দিনের চূড়ান্ত কর্মসূচি ‘মুজিববর্ষের নিবেদন’ অনলাইন ও ক্যাবল নেটওয়ার্কভিত্তিক ১২তম চতুরঙ্গ ইলিশ উৎসব আগামি ১ হতে ৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চ থেকে সম্প্রচার করা হবে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টা উৎসবের শুভ সূচনা করা হবে। প্রান্তিক জেলে, জেলে প্রতিনিধি ও বিশিষ্ট জনদের আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় সংগীত প্রতিযোগিতার বাছাই পর্ব, ৭ম হতে মাস্টার্স। আধুনিক বাদ্যযন্ত্রের সাথে এবং প্রতিযোগী চাইলে মিউজিক ট্রেকেও গান করতে পারবে।
বিকেল সাড়ে ৫টায় পেশাজীবী প্রতিনিধিদের জাটকা ও মা ইলিশ সংরক্ষণ বিষয়ক মুক্ত ভাবনার আলোচনা। সন্ধ্যা ৬টায় ইলিশ বিষয়ক দলগত আবৃত্তি পরিবেশন। পরিবেশন করবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও সাহিত্য মঞ্চ। সন্ধ্যা সাড়ে ৬টায় অতিথি পর্বের ইলিশ সংরক্ষণের মৌসুমে সকল মাছ ধরার নৌকা প্রশাসনের হেফাজতে আনা জরুরি বিষয়ে মুক্ত আলোচনা। রাত সাড়ে ৭টায় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন ও স্বপ্ন কুঁড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টা একক নৃত্য প্রতিযোগিতা (বাছাই পর্ব, ৭ম হতে মাস্টার্স)। বিকেল ৫টায় ইলিশের ডিম সংরক্ষণ ও বিক্রয়ে আইনি ব্যবস্থাগ্রহণ বিষয়ক মুক্ত ভাবনা বিষয়ে পেশাজীবিদের আলোচনা। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন (নৃত্য বিভাগ) ও অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠনেরর নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় চিত্র প্রশিক্ষকদের সরাসরি মঞ্চে ইলিশ বিষয়ক ‘প্রদর্শনী চিত্র আঁকা’ (প্রতিযোগিতা নয়)। সন্ধ্যা ৭টা মৌলিক জেলেদের জীবনমানের উন্নয়ন বিষয়ক অতিথিদের মুক্ত আলোচনা। সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরাম ঢাকা, লতিকা নৃত্যালয়, লক্ষীপুর ও কাদরী ডান্সট্রুপ, ঢাকা।
৩ অক্টোবর শনিবার বিকেল ৪টা সংগীত বিষয়ক চূড়ান্ত প্রতিযোগিতা ও একক নৃত্যের চূড়ান্ত প্রতিযোগিতা (প্রতি বিষয়ে শ্রেষ্ঠ ৫ জনকে পুরস্কার প্রদান)। বিকেল সাড়ে ৫টায় ৩ জন গৃহিণীর রেসিপি প্রদর্শন এবং একই সাথে গ্রামীন শাড়ি, চুড়ি ও মেহেদী সাজে নিজের পছন্দের লোকজ গানের সাথে ‘মেঘনা পাড়ের সুন্দরী’ প্রতিযোগিতা মঞ্চে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে নৃত্যাঙ্গন সাংস্কৃতিক সংগঠন ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন (নৃত্য বিভাগ)।
সবশেষে আলোচনা ও পুরস্কার প্রদান করা হবে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইলিশ উৎসবের সমাপ্তি হবে।
৩ সেপ্টেম্বর, ২০২০।
