মতলব দক্ষিণে নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ওসি

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় নবম শ্রেণির স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন থানার ওসি এ কে এম এস ইকবাল।
পুলিশ সূত্র জানায়, ছাত্রী উপজেলার পুটিয়া এলাকার তফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঐ ছাত্রীর সঙ্গে তার বাড়িতে উপজেলার সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষের আপ্যায়ন শেষে কাজী বিয়ে পড়ানোরও প্রস্তুতি নিচ্ছিলেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবালকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। পরে ওসি ইকবাল তার থানার এসআই মো. ওয়াহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। এসআই ওয়াহিদ ঘটনাস্থলে যান এবং বর ও কনে পক্ষের সঙ্গে কথা বলে বাল্যবিবাহটি বন্ধ করেন।
মতলব দক্ষিণ থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, বাল্যবিবাহের নেতিবাচক দিক অনেক। এটি একটি সামাজিক অপরাধ। এর ফলে একটি কিশোরীর জীবন ধ্বংস হয়ে যায়। এ কারণে বাল্যবিবাহ বন্ধে পুলিশ বদ্ধপরিকর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে ওই ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করা হয়।