কচুয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দু’জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে পারিবারিক কলহের কারণে স্ত্রী শাহনাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মো. মঞ্জিল মিজি ও তার বন্ধু মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। উভয় আসামির বাড়ি কচুয়া উপজেলায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় ওই দিন শাহনাজের বাবা মো. শাহ্ আলম কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫/২০১১।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ৩০২/৩৪ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. আমান উল্যাহ ও এপিপি অ্যাড. মোকতার আহমেদ অভি জানান, দীর্ঘ ৮ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৫ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আদালত সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আবদুল হান্নান কাজী। রায় ঘোষণার সময় দু’আসামিই পলাতক ছিলেন।

৩ জুলাই, ২০১৯।