শাহরাস্তিতে ৩য় শ্রেণির প্রতিবন্ধী শিশু ধর্ষণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ৩য় শ্রেণি পড়ুয়া এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করেছে। এছাড়া প্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারী রিপোর্টের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিশুর পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় উপজেলার মেহের উত্তর ইউনিয়নের শাহরাস্তি রেলগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঐদিন স্থানীয় একটি স্কুলের ৩য় শ্রেণির প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী (১৩) তার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে আসার সময় নয়নপুরা গ্রামের বেপারী বাড়ির মনু মিয়ার ছেলে ধর্ষক মোশারফ হোসেন (৪২) চিপস ও খেলনার লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুটিকে শাহরাস্তি বাজারে অবস্থিত একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদের উপর তুলে নিয়ে জোরপূর্বক উপুর্যপরী ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করলেও ধর্ষক মোশারফ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধর্ষক মোশারফ হোসেন পেশায় বিয়ের ঘটক ও রিক্সাচালক। সে ১ সন্তানের জনক। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ২২, তারিখ: ২২/০৯/২০১৯ইং।

২৪ সেপ্টেম্বর, ২০১৯।